চট্টগ্রামে বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনব্যাপী নানা অনুষ্ঠান। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নগরের ডিসি হিল, সিআরবির শিরীষতলা, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে এসব অনুষ্ঠান চলছে।গতকাল শুক্রবার সকাল থেকে নগরে মুষলধারে বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে পড়ে যায় বর্ষবিদায়ের অনুষ্ঠানমালা। তবে বিকেলে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি আর নামেনি। তাই নগরের বিভিন্ন বর্ষবিদায়ের অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় লক্ষ করা গেছে। নগরের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে গতকাল বিকেলে রক্তকরবীর দলীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষবিদায়ের অনুষ্ঠানমালা।এরপর দলীয় ও একক নৃত্য গান ও আবৃত্তিতে মুখর ছিল ডিসি হিল প্রাঙ্গণ। এ ছাড়া বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের অনুষ্ঠানমালা শুরু হয় শুক্রবার সন্ধ্যা ছয়টায়। বাওয়া স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে বর্ষবিদায় সম্ভাষণ পাঠ করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। এরপর পঞ্চগীতি কবির গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে হারানো দিনের গান পরিবেশন করেন কলকাতার বিশ্বরূপ রুদ্র। এ ছাড়া যুগলবন্দী ধ্রুপদ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন শুভ্রা সেনগুপ্ত, প্রমা অবন্তী প্রমুখ।রাতে লালনগীতি ও বাউলসংগীত পরিবেশন করেন যথাক্রমে বিউটি ও হাম্মাদুর রহমান। এদিকে নগরের সিআরবি সাতরাস্তার মোড়ে শিরীষতলায় নববর্ষ উদ্যাপন পরিষদের দুদিনের অনুষ্ঠান শুরু হয় গতকাল বিকেল থেকে। এখানেও গতকাল রাত পর্যন্ত চলে দলীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান। এখানে বর্ষবিদায় ও নতুন বছর বরণের অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় শিল্পী ও সংগঠনকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষে কবি কামরুল হাসান বাদল জানান।আজ শনিবার বাংলা নববর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে সকালে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। তিনটি অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নিয়মিত পুলিশের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা চৌকি বসানো হয়েছে ১০টি। পুলিশের পাশাপাশি র্যাবও মোতায়েন রয়েছে অনুষ্ঠানস্থলগুলোতে। এ প্রসঙ্গে উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বাড়তি এক হাজার ফোর্স মোতায়েনের পাশাপাশি আমরা নিরাপত্তা চৌকি বসিয়েছি। এ ছাড়া মেটাল ডিটেক্টরও বসানো হয়েছে প্রধান উৎসবস্থলে।’