চট্টগ্রামে বর্ষবিদায় ও বরণের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার দাবি নিয়ে এবার পয়লা বৈশাখ এসেছে। শিল্পীর রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে দ্রোহের আগুন। বৈশাখের খরতাপের মতো এই আগুন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে।বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে চট্টগ্রামে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নগরের ডিসি হিল, সিআরবির শিরীষতলা, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে এসব অনুষ্ঠান শুরু হবে আজ শনিবার বিকেল থেকে।নগরের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ বিকেলে শুরু হবে ডিসি হিল প্রাঙ্গণে। আজ বর্ষবিদায়ের নানা অনুষ্ঠানের পাশাপাশি সাহিত্যিক ফাহমিদা আমিন ও শহীদজায়া মুশতারী শফিকে সম্মাননা জানানো হবে। আগামীকাল রোববার সকালে রাগসংগীতের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান।দুই দিনব্যাপী অনুষ্ঠানে সম্মেলক ও একক সংগীত, আবৃত্তি, নৃত্য, নাটকসহ নানা আয়োজন রয়েছে। পরিষদের সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘এবার আমাদের মূল সুর হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ। এ ছাড়া আমাদের ছাপানো প্রচারপত্রে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তিও দাবি করা হয়েছে।’ এদিকে নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে শিরীষতলায় নববর্ষ উদ্যাপন পরিষদের দুই দিনের অনুষ্ঠান শুরু হবে আজ বিকেলে। রোববার বাংলা নববর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার পাশাপাশি নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে সকালে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন চারুশিল্পীরা। তাঁরা রং-বেরঙের ফেস্টুন, ম্যুরাল ও নকশা তৈরি করেছেন। তিনটি অনুষ্ঠানস্থলে র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।