চট্টগ্রামে বর্ষবিদায়ের বর্ণাঢ্য আয়োজন
চৈত্রের শেষবেলায় গতকাল বুধবার চট্টগ্রাম নগর পুরোনো বর্ষকে বিদায় জানাতে ব্যস্ত হয়ে পড়ে। তাই আয়োজন করা হয় শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিটি স্থানে বর্ষবিদায়ের পাশাপাশি ছিল নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন।নগরের ডিসি হিল, সিআরবি শিরীষতলা, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ, বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুল মাঠসহ বিভিন্ন জায়গায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। বাঁশ, কাগজ ইত্যাদিতে তৈরি রংবেরঙের হাতি-ঘোড়া, ফেস্টুন-সংবলিত এই শোভাযাত্রাটিকে পথ দেখিয়ে বিভিন্ন রাস্তায় নিয়ে গেছে একদল ঢোলবাদক। ঢোলবাদন আর বেলুন ওড়ানোর মধ্য দিয়ে নগরের সিআরবির শিরীষতলায় দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ‘অগ্নি স্নানে শুচি হোক ধরা’ স্লোগানে এই অনুষ্ঠানের আয়োজন করে নববর্ষ উদ্যাপন পরিষদ চট্টগ্রাম।পরে ‘চলে যায় বসন্তের দিন’ শিরোনামে গীতি-আলেখ্যে অংশ নেন শীলা দাশগুপ্তা, জয় সেন, অঞ্চল চৌধুরী ও মিলি চৌধুরী। দলীয় পরিবেশনায় উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ, বোধন আবৃত্তি সংসদ, ওড়িষি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট, সুরধ্বনি, কারুধ্বনি, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা অংশ নেন। ‘আস রে বৈশাখ বাংলার ঘরে, পার্বণের পাল হাওয়ায় ওড়ে’ শিরোনামে জেলা প্রশাসনের বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠান হয় জেলা শিল্পকলা একাডেমীতে।