চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরে বহিরাগতদের অবস্থান নিয়ে নির্বাচনের কমিশনের দেওয়া ঘোষণা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ব্যবসা-বাণিজ্যের কারণে আশপাশের জেলা-উপজেলা থেকে প্রতিদিন প্রচুর লোক শহরে আসেন। কাজ শেষে আবার চলেও যান। আবার এমনও অনেকে আছেন যাঁরা চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু ভোটার হয়েছেন নগরের বাইরে গ্রামের বাড়িতে। তাঁরা আগামী ১৪ জুনের পর শহরে থাকতে পারবেন কিনা সেটা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তিতে আছেন। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল, ১৪ জুনের পর থেকে কোনো বহিরাগতকে চট্টগ্রামে থাকতে দেওয়া হবে না।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে যাঁরা স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বসবাস করেন তাঁরা ভোটার না হলেও ১৪ জুনের পর শহরে অবস্থানে কোনো অসুবিধা নেই। তিনি বলেন, প্রার্থীদের পক্ষে প্রচারণার উদ্দেশে বহিরাগত কোনো লোক শহরে আসতে পারবে না। অন্য কাজে যাঁরা নিয়মিত শহরে আসা-যাওয়া করেন তাঁদের চলাচলে কোনো বাধা থাকবে না।