চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, পুড়েছে ৪০টি বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান ঝাউতলা ছিন্নমূল বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঝাউতলা বস্তিতে আনুমানিক ছয় শ কাঁচাঘর রয়েছে। বেলা দেড়টায় বস্তির একটি রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে বস্তির অন্তত ৪০টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের সাংসদ আফছারুল আমিন ও জেলা প্রশাসক আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে পুড়েছে চারটি বসতঘর
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নে গত রোববার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, ফকিরা মসজিদসংলগ্ন ওমর আলী সিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা হতে পারে।