চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০০ ঘর পুড়ে গেছে
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা (হাফেজপাড়া) সংলগ্ন একটি বস্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ৩০০টি কাঁচা ঘর পুড়ে গেছে।এলাকাবাসী সূত্র জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বস্তির একটি গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় একজন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আগুনে পুড়ে একটি গরু ও একটি ছাগল মারা গেছে।অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় মশা তাড়ানোর জন্য গোয়ালে দেওয়া আগুন পরে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে ঘরহারা প্রায় দেড় হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।