চট্টগ্রামে বস্তিতে আগুন ৩০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন ঘাটফরহাদবেগ এলাকার একটি বস্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় আগুন লাগে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।স্থানীয় বাসিন্দারা জানান, ওই বস্তিতে সাত-আটটি পরিবারসহ অনেকে বসবাস করত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, ঘাটফরহাদবেগের ‘ক্যাশিয়ার কলোনি’ হিসেবে পরিচিত মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাড়া ঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কলোনির প্রায় ৪০টি টিনের ছাউনির বেড়ার সবই পুড়ে গেছে। এসব ঘরে স্থানীয় খলিফাপট্টির দরজি ও ব্যবসায়ীরা থাকতেন। ফায়ার সার্ভিসের নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ইউনিটের ছয়টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ বলেন, ঘাটফরহাদবেগ অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে পারেনি।