চট্টগ্রামে বস্তিতে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
চট্টগ্রামের নাসিরাবাদের রহমাননগরের একটি বস্তিতে গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলা করেছেন একজন বস্তিবাসী। অপর মামলাটি করেন ওই জমির মালিক দাবিদার আইনজীবী মো. মহসিন।পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পক্ষে সুজা মিয়া বাদী হয়ে বুধবার রাতে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় মহসিন, তাঁর দুই ছেলে ইকবাল ও মানিক, দুই ভাতিজা নাজিম ও জাবেদ এবং বস্তির তত্ত্বাবধায়ক শুক্কর আলীকে আসামি করা হয়।মামলায় অভিযোগ করা হয়, জনৈক মহসিনের পক্ষে তাঁর লোকজন পরিকল্পিতভাবে বস্তিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় ৫০ শতাংশ (২৫ গণ্ডা) সরকারি জমি দখল করার উদ্দেশ্যে বস্তিবাসীদের উচ্ছেদের জন্য এ ঘটনা ঘটানো হয়। আগুনে ২০-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে আগুনে রহমাননগরের ওই বস্তির ১০৯টি কাঁচা বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ওই জমির মালিকানা দাবি করা মো. মহসিন পাল্টা অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতে মামলা করেন। আর্জিতে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষ তাঁর মালিকানাধীন জায়গা দখল করার উদ্দেশ্যে ওই বস্তিতে আগুন দিয়েছে। সূত্র জানায়, আদালত আর্জি গ্রহণ করে এটি মামলা হিসেবে নেওয়ার জন্য পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। পরে থানায় মহসিনের মামলাটি করা হয়।মহসিনের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। যে পাঁচজনের নামোল্লেখ করা হয়েছে, তাঁরা ওই বস্তির বাসিন্দা। এঁরা হলেন করিম উদ্দিন, হেলাল উদ্দিন, সুজা মিয়া, চান মিয়া ও সালাউদ্দিন। বুধবারের আগুনে তাঁদের ঘরও পুড়ে গেছে।এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা গতকাল প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মামলার পর আদালত থেকে অপর মামলাটি নেওয়ার নির্দেশ নিয়ে আসেন আইনজীবী মহসিন। তাই আমরা পাল্টা মামলা নিয়েছি। দুটি মামলাই আমরা তদন্ত করে দেখছি।’