চট্টগ্রামে বস্তিতে সন্ত্রাসী হামলায় সাতজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জঙ্গল ছলিমপুর এলাকায় একটি বস্তিতে সন্ত্রাসী হামলায় সাতজন আহত হয়েছেন। জায়গা-জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। গত সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।হামলায় আহত ব্যক্তিরা হলেন মো. মমতাজ উদ্দিন (৫০), জাহাঙ্গীর (৪০), মো. হাবিব (৪০), নুরুল কবির (৩৫), রোকেয়া (২৩), জোসনা বেগম (৩০) ও শাহাবুদ্দিন (৩৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, আবুল হাশেম চৌধুরী কলোনিতে রাত দেড়টার দিকে লাঠিসোঁটা নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের মারধরে সাতজন আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম বলেন, জায়গা-জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে আহত ব্যক্তিরা জানিয়েছেন।তবে গতকাল সন্ধ্যায় খুলশী, বায়েজিদ ও সীতাকুণ্ড থানায় যোগাযোগ করা হলে জানানো হয়, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি। জঙ্গল ছলিমপুর এলাকা এই তিন থানার সীমান্তে পড়েছে। এ কারণে ওই এলাকায় কোনো ঘটনা ঘটলে তা এক থানা অন্য থানায় চাপাতে চায়।