চট্টগ্রামে বস্তির আগুনে আরেক শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু সাব্বির (৭) মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে এ ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল তিনে।
গত রোববার ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিল শিশুটি। তার শরীরের শতকরা ৭০ ভাগ পুড়ে গিয়েছিল। ওই অগ্নিকাণ্ডে সেদিন ঘটনাস্থলে পুড়ে মারা যায় ফাতেমা ও মারজান নামে দুই মা-মেয়ে। মারজানের বয়স ছিল সাড়ে তিন বছর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ প্রথম আলোকে বলেন, ‘আগুনে শিশুটির শ্বাসনালি পুড়ে গিয়েছিল। তার অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।’
রেলওয়ে বস্তিতে রোববারের ওই অগ্নিকাণ্ডে অন্তত ৮০টি ঘর ও ১২টি দোকান পুড়ে যায়। এতে বস্তির প্রায় ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অনেকের জমানো টাকাসহ সর্বস্ব পুড়ে যায়।