চট্টগ্রামে বস্তির মানুষের জন্য অ্যাপার্টমেন্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তিবাসীদের জন্য বহুতল ভবন নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী বছর নির্মাণকাজ শেষ হলে ১৬১টি পরিবারকে অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেবে করপোরেশন।
নগরের টাইগারপাস পাহাড়ের পাদদেশে ৫০ বছরের বেশি পুরোনো বস্তির জায়গায় তৈরি হচ্ছে সাততলা ভবন। এই বস্তিতে বাস করা পরিবারগুলো অ্যাপার্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, উচ্ছেদ না করে বস্তিবাসীদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হচ্ছে। এতে করপোরেশনের জমি রক্ষা হওয়ার পাশাপাশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উন্নত আবাসন সুবিধা পাবেন।
করপোরেশন সূত্র জানায়, বহুতল ভবনের নিচতলার একটি অংশ সামাজিক অনুষ্ঠানের জন্য খালি রাখা হবে। অন্য অংশে মুদি, ওষুধ ও সেলুনের দোকান থাকবে। শিশুদের শিক্ষাদানের জন্য স্থাপন করা হবে পাঠশালা।
দ্বিতীয় থেকে সাততলা পর্যন্ত থাকবে অ্যাপার্টমেন্ট। ২৫০ বর্গফুট আয়তনের প্রত্যেক অ্যাপার্টমেন্টে একটি থাকার ঘর, একটি শৌচাগার ও ছোট আকারের রান্নাঘর থাকবে। করপোরেশনের উদ্যোগেই বিদ্যুৎ, পানি ও গ্যাসে সংযোগ দেওয়া হবে।
করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, বড় ধরনের বাঁধা ছাড়াই বস্তি উচ্ছেদ করা হয়। তবে এ জন্য বস্তিবাসীদের সঙ্গে একাধিকবার বৈঠক করতে হয়েছে। ওই সব বৈঠকে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যাপারে আশ্বস্ত করা হয়। তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নেওয়া হয়। অ্যাপার্টমেন্টের অগ্রিম বাবদ ১০ হাজার টাকা করে নিয়ে তাদের একটি রশিদ দেওয়া হয়।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ১২ কাঠা আয়তনের ওপর নির্মাণাধীন ভবনের একাংশে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। অন্য অংশেও ছাদ ঢালাইয়ের আগে প্রাথমিক কাজ শেষ হয়েছে।
ওই সময় কথা হয় সুরাইয়া বেগমের সঙ্গে। উচ্ছেদ করা বস্তিতে স্বামী-সন্তান নিয়ে থাকতেন সুরাইয়া। এখন পাশের একটি বস্তিতে থাকেন দুই হাজার টাকা ভাড়া দিয়ে।
সুরাইয়া বলেন, ‘অ্যাপার্টমেন্টের জন্য করপোরেশনকে ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছি। এক বছর আগে নির্মাণকাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। বুঝতে পারছি না, অ্যাপার্টমেন্ট বুঝে পাব কি না।’
অ্যাপার্টমেন্ট বুঝে পাওয়া নিয়ে বস্তিবাসীদের সন্দেহ প্রসঙ্গে মেয়র মন্জুর আলম বলেন, ‘তাদের সন্দেহ অমূলক। নির্মাণকাজ শেষে প্রতিশ্রুতিমত তাদের অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া হবে।’
স্থপতি এ কে রেজাউল করিম বলেন, এটি একটি অলাভজনক প্রকল্প। বস্তিবাসীদের কাছ থেকে শুধু ভবন নির্মাণের খরচ নেওয়া হবে। তারা সামর্থ্য অনুযায়ী ১৫ বছর মেয়াদি মাসিক কিস্তিতে তা পরিশোধ করে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবে।
করপোরেশন সূত্র জানায়, বস্তিবাসীদের অনেকে এক হাজার, অনেকে চার হাজার টাকা ভাড়া দিয়ে টাইগারপাস বস্তিতে থাকতেন।
স্থপতি রেজাউল করিম বলেছেন, ‘ভবন নির্মাণকাজ শেষ হলে বস্তিবাসীর পুনর্বাসনের জন্য এটি একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। তাদের পুনর্বাসনের জন্য ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান যদি আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়, তাহলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’