চট্টগ্রামে বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা শুরু
বন্দরনগর চট্টগ্রামের দেওয়ানহাট রেললাইনের পাশে এবং সিডিএ রেলগেট বস্তি এলাকায় গতকাল শুক্রবার আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যমে শুরু হয়েছে আট দিনব্যাপী বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা কার্যক্রম।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন নগরের রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান লোকগণনা কার্যক্রম উদ্বোধন করেন। গতকাল সকাল নয়টায় দেওয়ানহাট রেললাইনের পাশের বস্তিতে গণনাকাজের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মাহফুজ কাদের, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আবদুল কাদির মিয়া, শুমারি সমন্বয়কারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ। গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে নগরের পাহাড়তলী সিডিএ রেলগেট বস্তিতে আনুষ্ঠানিকভাবে গণনা কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
এ সময় মেয়র বলেন, বস্তিশুমারি সরকারের উন্নয়ন কার্যক্রমের জন্য অপরিহার্য একটি বিষয়। পরিসংখ্যান ব্যুরোর এ কাজে সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড কাউন্সিলররাও সহযোগিতা দেবেন।