চট্টগ্রামে বহিরাগত লোকজন জড়ো করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরে বহিরাগত লোকজন জড়ো করা হচ্ছে বলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কালাম আযাদ ও সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম। গতকাল রোববার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দেওয়া হয়। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন।
লিখিত অভিযোগে বলা হয়, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে বহিরাগতদের সিটি এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু চট্টগ্রামে সরকার-সমর্থক প্রার্থীর পক্ষে বিপুলসংখ্যক বহিরাগত অবস্থান করছে। এদের মধ্যে আওয়ামী লীগ ও জোটের কেন্দ্রীয় নেতা, সরকারের সুবিধাভোগী প্রভাবশালী লোকজন ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরের হোটেল, রেস্টহাউস ও পেস্টহাউস, ভাড়া করা অস্থায়ী ফ্ল্যাট ও বাসায় বহিরাগতদের জড়ো করা হয়েছে। বিশেষ করে ওয়েল পার্ক হোটেল, পেনিনসুলা, রেডিসন, চিটাগাং ক্লাব গেস্টহাউস, চিটাগাং ইনস্টিটিউট (সিনিয়র ক্লাব, জামাল খান), হোটেল আগ্রাবাদ, গোল্ডেন ইন, আল ইমাম, ইউনাইটেড হোটেল এবং বেসরকারি প্রতিষ্ঠানের রেস্টহাউস ও আবাসিক হোটেলে বহিরাগতরা অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোর বিভিন্ন এলাকা থেকে দলীয় ক্যাডারদের চট্টগ্রাম শহরে আনা হয়েছে। ফেনী থেকে সরকারদলীয় সাংসদের তত্ত্বাবধানে দুই হাজার দলীয় ক্যাডার নিয়ে আসা হয়েছে। বহিরাগতদের শহর ত্যাগে বাধ্য করতে অভিযান পরিচালনারও দাবি জানানো হয়।
এ বিষয়ে মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজারসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ক্যাডার জড়ো করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ করে রিটার্নিং কর্মকর্তাকে আমরা চিঠি দিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখছি না।’
আমীর খসরু বলেন, ‘সল্টগোলা এলাকায় পোশাককর্মীদের ডরমিটরি উদ্বোধনের আগেই ফেনী থেকে আসা প্রায় দুই হাজার ক্যাডার উঠেছে। সেখানে বিদ্যুৎ-সংযোগও দেওয়া হয়নি। এরা নির্বাচনে সন্ত্রাসী ঘটনা এবং সরকার-সমর্থক মেয়র প্রার্থীর পক্ষে জোর করে ভোট নেবে।’
তবে অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বহিরাগত লোকজনকে তাড়িয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া আছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা কী নেওয়া হয়েছে, তা আমি জেনে নেব।’
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা আমার সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমরা নির্বাচন নির্বিঘ্ন করতে চাই। কোনো বহিরাগত ভোটের দিন কেন্দ্রে ঘেঁষার চেষ্টা করলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’