চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়া ‘অসম্মেলন’ শুরু
‘আমার ভাষায় তুলে ধরি, আমার ভালো লাগার সবকিছু’ স্লোগানে চট্টগ্রামের ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইউবি-চট্টগ্রাম) ক্যাম্পাসে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২’। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রথম বারের মতো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে আইইউবি-চট্টগ্রাম, বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে বাংলা উইকিপিডিয়া অসম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসাইন, আইইউবি চট্টগ্রামের শিক্ষক উইলিয়াম উলফ, বাংলা উইকিপিডিয়া অসম্মেলনের আহ্বায়ক ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন আইইউবি-চট্টগ্রামের সমন্বয়কারী মো. নুরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মন্জুর আলম বলেন, ‘আমাদের জীবনের জন্য, ইতিহাসের জন্য, শত বছরের জ্ঞানের যথাযথ সংরক্ষণের জন্য বাংলা উইকিপিডিয়াকে কাজে লাগাতে হবে। একে এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রয়োজনে বাংলা ভাষার যেকোনো তথ্য আমরা খুঁজে পেতে পারি।’উইকিপিডিয়া ‘অসম্মেলন’-এর আহ্বায়ক মুনির হাসান বলেন, ‘সাধারণ মানুষ তথা সবাই মিলে আমরা এই অনুষ্ঠান করব বলে এটাকে আমরা “অসম্মেলন” বলছি। এখানে বিষয়ের আলোকে কোনো আলোচনা সীমাবদ্ধ থাকবে না। মুক্তভাবে সবাই মতামত জানাতে পারবেন। গতানুগতিকতা মেনে সম্মেলনের ধারাবাহিকতা মেনে চলা হবে না। এখানে আলোচনা, আড্ডা, চিত্র প্রদর্শনী চলবে একই সঙ্গে।’মুনির হাসান জানান, ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়া প্রবর্তন করেন চট্টগ্রামের ছেলে রাগীব হাসান। আগামী কিছুদিনের মধ্যে মুঠোফোন থেকে বিনা মূল্যে বাংলা উইকিপিডিয়া ব্রাউজের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলা উইকিপিডিয়ার প্রশাসক রাগীব হাসানের লেখা বক্তব্য পড়ে শোনান আইইউবি চট্টগ্রামের শিক্ষক সৌমিত্র পালিত। পরে বাংলা উইকিপিডিয়া ‘অসম্মেলন’ উপলক্ষে উইকিপিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেন গার্টারের ভিডিও বক্তব্য দেখানো হয়।উদ্বোধনী দিনের অনুষ্ঠানে ছিল কুইজ প্রতিযোগিতা, মুঠোফোন ও কম্পিউটারে বাংলা লেখা এবং বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখাবিষয়ক দুটি কর্মশালা এবং ‘সর্বজনীন শিক্ষাবিস্তারে উইকিপিডিয়ার ভূমিকা’ এবং ‘মুক্ত দর্শন ও উন্নয়ন’ শীর্ষক মুক্ত সেমিনার। এ ছাড়া ‘জাহাজ তৈরির গল্প’ শিরোনামে আলোকচিত্র ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আজকের কর্মসূচি: আজ শেষ দিনের কর্মসূচিতে রয়েছে সকালে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণ-বিষয়ক কর্মশালা। দুপুরে মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে ‘গণ আড্ডা’, বিকেলে আন্তস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।