চট্টগ্রামে বাটালি পাহাড়ে রেলওয়ের উচ্ছেদ
চট্টগ্রামের বাটালি হিল এলাকায় পাহাড়ের ঢালে বসবাসরত ৩২ পরিবারকে উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে পূর্বাঞ্চলীয় রেলওয়ের ভূসম্পদ কর্মকর্তা রশিদ আহমদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, রেলওয়ের জায়গায় পাহাড়ের পাদদেশে যেসব পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছিল, তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।১ জুলাই বাটালি পাহাড়ের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের তৈরি করা সীমানা দেয়াল ধসে অন্তত ১৭ জন নিহত হয়। এর পরই সিটি করপোরেশনের পক্ষ থেকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উচ্ছেদের পর বেশির ভাগ পরিবার তাদের মালামাল গুছিয়ে ওই এলাকা ত্যাগ করে। তবে কিছু পরিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে থেকে যায়। তাদের একজন দিনমজুর দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু যাওয়ার জায়গা নেই। তাই মালামাল বস্তায় গুছিয়ে এখানেই বসে আছি। রাত হলে খোলা আকাশের নিচেই থাকব। তিনি বলেন, ‘ছোটবেলায় সিলেট থেকে চলে এসেছি, আর বাড়ি যাইনি।’ এ সময় তাঁর স্ত্রীও পাশে ছিলেন। তবে মোহাম্মদ বাবলু নামের আরেকজন বলেন, উচ্ছেদ করায় রাতটা কোথাও থাকার জন্য জায়গার সন্ধান করতে যাচ্ছি। এ সময় একটি চৌকি মাথায় নিয়ে ওই এলাকা ত্যাগ করছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, বাটালি পাহাড়ের আশপাশে বসবাসরত ২৭০ পরিবারের পুনর্বাসনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিকল্পনা করছে। তাদের জন্য বাটালি পাহাড়ের পশ্চিম পাশে করপোরেশনের নিজস্ব ১৫ গন্ডা জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণ করা হবে। সেখানে ২০০-২৫০ বর্গফুটের বাসা প্রতিটি পরিবারকে বরাদ্দ দেওয়া হবে সহজ কিস্তিতে। তবে এ কাজ কবে শুরু হবে এখনো সিদ্ধান্ত হয়নি। সিটি করপোরেশনের এস্টেট কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে আমরা পরিবারগুলোর তালিকা তৈরি করেছি। জেলা প্রশাসনের পুনর্বাসন তহবিল থেকে এসব পরিবারকে এক বছরের বাসাভাড়া দিয়ে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হবে। পরে সিটি করপোরেশনের ভবন নির্মাণকাজ শেষ হলে সেখানে তাদের বাসা বরাদ্দ দেওয়া হবে। সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, তাদের পুনর্বাসন না করলে শত দুর্ঘটনা সত্ত্বেও তারা এ এলাকা ছাড়বে না। কারণ, অতীতে একটি পরিবারের সদস্য পাহাড়ধসে নিহত হও য়ার পর আবারও পরিবারটি পাহাড়ের পাদদেশেই বসবাস শুরু করেছে।