চট্টগ্রামে বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বড়দিন উপলক্ষে চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বসানো হয়েছে তল্লাশিচৌকি। নিরাপত্তা জোরদার করা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য৵ তাঁর কার্যালয়ে গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরে জশনে জুলুসের মিছিল বের হয়। বড়দিন উপলক্ষে খ্রিষ্টানরাও ধর্মীয় উৎসবের আয়োজন করে। এ কারণে গতকাল বিকেল থেকে নগরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে তল্লাশিচৌকি। নগরের প্রবেশপথগুলোতেও রয়েছে তল্লাশিচৌকি, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়।
দেবদাস ভট্টাচার্য্য আরও বলেন, নগরের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গোয়েন্দা পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। নিয়মিত পুলিশের পাশাপাশি পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশির ভাগেই বসানো হয়েছে সিসি ক্যামেরা।
গতকাল বিকেলে নগরের সার্সন রোড, সিআরবি মোড়, চকবাজার ও প্রবর্তক মোড়ে দেখা গেছে, তল্লাশিচৌকি বসিয়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।