চট্টগ্রামে বাণিজ্যিক ভবন থেকে লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আমতলী এলাকার বাণিজ্যিক ভবন রয়েল প্লাজা থেকে গতকাল বুধবার মো. জসিম (৩৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে ভবনের ছাদের সামান্য নিচে একটি কার্নিশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কেবল জড়ানো অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ জানায়, জসিম সাতকানিয়া উপজেলার আলী আহমদের ছেলে। তিনি ওই ভবনের মিম ভিডিও নামের প্রতিষ্ঠান যৌথভাবে পরিচালনা করতেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘ছাদে গোসল করতে গিয়ে পা পিছলে পার্শ্ববর্তী স্লাবে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তাঁর কোনো রোগও থাকতে পারে। এরপরও পরিবার থেকে অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ জানা যায়, ছাদে ট্যাংকির পানি দিয়ে জসিম ও অন্যরা গোসল করতেন। গতকাল জসিম যখন গোসল করতে যান, তখন সেখানে কেউ ছিলেন না। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।