চট্টগ্রামে বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের অনুরোধ
বৃহত্তর চট্টগ্রামের সম্ভাব্য এলাকাগুলোতে বাপেক্সের মাধ্যমে গ্যাসক্ষেত্র অনুসন্ধানের অনুরোধ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানান। এ প্রসঙ্গে তিনি কৈলাসটিলা ও হরিপুরে প্রায় ৪৫ হাজার কোটি টাকা মূল্যের তেলক্ষেত্র আবিষ্কারে বাপেক্সের সাফল্যের বিষয়টি উল্লেখ করেন। চেম্বার সভাপতি তাঁর চিঠিতে বলেন, বাপেক্স বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতি ও লোকবলসহ এ ধরনের অনুসন্ধান চালানোর ক্ষেত্রে অতীতের তুলনায় অনেক বেশি সক্ষম।তিনি চট্টগ্রামের সাঙ্গু গ্যাসফিল্ডের কথা উল্লেখ করে বলেন, এ অঞ্চলের বিভিন্ন সমীক্ষায় পটিয়ার বুদবুদিছড়া, বাঁশখালীর জলদি, সীতাকুণ্ডের সীতার পাহাড় ও বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে গ্যাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনার প্রমাণ পাওয়া যায়। চেম্বার সভাপতি আশা করেন, প্রস্তাবিত অঞ্চলে অনুসন্ধান চালানোর মাধ্যমে গ্যাস আবিষ্কৃত হলে তা জাতীয় চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।