চট্টগ্রামে বাবার হাতে মেয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পতেঙ্গা এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি নিজের কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পালানোর সময় পুলিশ মেয়েটির বাবাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নিহত কিশোরীর নাম নাসরিন আক্তার ওরফে ফেন্সি (১৪)। সে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ছিল। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। মেয়েটির বাবার নাম মোহাম্মদ রায়হান (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বর্ণনা অনুযায়ী, গতকাল ইফতারের আগ মুহূর্তে রাস্তায় মেয়ে নাসরিনকে একা পেয়ে রায়হান ছুরিকাঘাত করেন। এরপর তিনি পালানোর চেষ্টা করেন। টহল পুলিশ তাঁকে ছিনতাইকারী মনে করে ধাওয়া করে ধরে ফেলে। এর মধ্যে রক্তাক্ত নাসরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইফতারের কয়েক মিনিট পর মেয়েটি হাসপাতালে মারা যায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মঞ্জুর মোহাম্মদ মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, সপ্তাহ খানেক আগে নাসরিন ও তাঁর মা মিলে রায়হানকে ঘর থেকে বের করে দেন। তখন থেকে রায়হান বাইরে দিন যাপন করছিলেন। প্রতিশোধ নিতেই তিনি নিজ হাতে মেয়েকে খুন করেন বলে ধারণা করা হচ্ছে। রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।