দেশের ১৪টি ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত কনসার্টে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হবে। ২৬ নভেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) যৌথভাবে এ কনসার্টের আয়োজন করছে।গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই দুই সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে ইউএনএফপির বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরক্যান বলেন, গত বছরও এই দুটি সংস্থা রাজধানীতে এ ধরনের কনসার্টের আয়োজন করে। এ কনসার্টে সংগীতকে মাধ্যম হিসেবে ব্যবহার করে নারী নির্যাতনের বিরুদ্ধে পুরুষ ও তরুণদের রুখে দাঁড়ানোর শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে।বামবার নির্বাহী সদস্য শিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘নারী কোনোভাবেই যাতে নির্যাতনের শিকার না হয়, কনসার্টে সে আহ্বান জানানো হবে।’ ‘নারীর প্রতি সহিংসতাকে “না” বলুন: সত্যিকার পুরুষ হোন’ শীর্ষক এই কনসার্টের মূল উদ্দেশ্য, যিনি নিজেকে পুরুষ মনে করেন তিনি যেন নারীকে মানুষ হিসেবে সম্মান জানাতে পারেন, সে ধরনের আহ্বান জানানো। তরুণ ও পুরুষদেরই এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে।বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, নারীর প্রতি অবমাননা করা ও নির্যাতন করা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের কনসার্টের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালানো হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বামবার প্রতিনিধি শেখ নুরুল আলম এবং ইউএনএফপিএর প্রতিনিধি আফসানা তাহের।কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। ১৯ নভেম্বর থেকে চট্টগ্রামে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। কনসার্টে অংশ নেবে—এলআরবি, নগর বাউল, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, পেন্টাগন, অর্থহীন, প্রমিথিউস, আর্টসেল, ক্রিপটিকফেট, ব্ল্যাক, নেমেসিস, পাওয়ারসার্জ ও বেদুঈন।