প্রতিনিধি দলের সম্ভাব্য স্থান পরিদর্শন
চট্টগ্রামে বার্ন ও প্লাস্টিক সার্জারি কেন্দ্র করবে চীন সরকার

চট্টগ্রামে একটি বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাকেন্দ্র করার জন্য গতকাল সোমবার চীন সরকারের আট সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে। সম্পূর্ণ চীনের অনুদানে এই চিকিৎসাকেন্দ্র করা হবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ নিজস্ব অনুদানে বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাকেন্দ্র করতে আগ্রহ প্রকাশ করেছে
চীনের সরকার। এ জন্য আট সদস্যের প্রতিনিধি দলটি চট্টগ্রামে এসেছে। দলটি চট্টগ্রাম মেডিকেলের সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করে দেখেছে। দলটি এখান থেকে ফিরে গিয়ে বার্ন ইউনিটের আকার-আকৃতি, সম্ভাব্য স্থান, যন্ত্রপাতি ইত্যাদি বিষয়ে প্রতিবেদন নিজ সরকারের কাছে দেবে। তারপর কাজ শুরু হবে। তবে এ কেন্দ্রটি কত শয্যার হবে, তা এখনই বলা সম্ভব নয়।
গতকাল দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি দাশ চট্টগ্রামের বার্ন ইউনিটের কার্যক্রম তুলে ধরেন।
চট্টগ্রামে বার্ন ও প্লাস্টিক সার্জারির বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের গুরুত্ব তুলে ধরে মতামত ব্যক্ত করেন চট্টগ্রাম মেডিকেলের শিশু
সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বানু, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আলী আশরাফ প্রমুখ।
মৃণাল কান্তি দাশ বৈঠকে বলেন, চট্টগ্রাম মেডিকেলে ২৬ শয্যার বার্ন ইউনিটে প্রতিদিন ৬০ জনের বেশি রোগী থাকেন। এখানে বর্তমানে আধুনিক সুবিধাসংবলিত ১০০ শয্যার একটি আলাদা বার্ন ইউনিট দরকার। ভবিষ্যতে ৫০০ শয্যা পর্যন্ত বৃদ্ধি করা যায়, এ রকম ব্যবস্থা থাকলে ভালো হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, শিল্প এলাকা হিসেবে চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের গুরুত্ব বেড়েছে।
বৈঠকে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন স্থানের নকশা তুলে ধরা হয়। এরপর চীনা প্রতিনিধি দলকে সম্ভাব্য স্থানগুলো ঘুরিয়ে দেখানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল ভবনেই ওই চিকিৎসাকেন্দ্র করা যায় কি না, সে প্রস্তাবও দেয়। তবে চীনের প্রতিনিধি দল সম্পূর্ণ নতুন স্থানে ভবন তৈরি করে এই চিকিৎসাকেন্দ্র গড়ার আগ্রহ প্রকাশ করে।
দেশের ১৪টি মেডিকেল কলেজে বিদ্যমান বার্ন ইউনিটগুলো শক্তিশালী করা ও বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ কাজের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘আমরা পাঁচ-ছয় বছর ধরে চট্টগ্রামে একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র করার চেষ্টা করে যাচ্ছি। পারিনি। এখন চীন আগ্রহ প্রকাশ করেছে। একজন পোড়া রোগীর জন্য প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই চিকিৎসাকেন্দ্র হলে এখানকার গরিব রোগীরা সেই সেবা পাবেন।’
আট সদস্যের চীনা সরকারি প্রতিনিধি দলটির সাতজনই প্রকৌশলী।