চট্টগ্রামে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চট্টগ্রাম নগরের একটি স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থী। ওই ছাত্রীর বাসা নগরের আগ্রাবাদে। প্রায় ১০ বছর আগে তার মা-বাবার বিবাহবিচ্ছেদের পর থেকে সে মায়ের সঙ্গে থাকে। ওই ছাত্রী প্রথম আলোকে বলে, ‘মা বিয়ের জন্য পাত্র ঠিক করে। আমি প্রতিবাদ করলে আমার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে গত ৩০ নভেম্বর বাসা থেকে বের হয়ে এক পরিচিত লোকের বাসায় আশ্রয় নিই। ১৫ ডিসেম্বর বাসায় ফিরলে আবারও বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তখন আবার বাসা থেকে বের হয়ে ওই বাসায় আশ্রয় নিই।’ এ ঘটনা জানার পর বিয়ে বন্ধের উদ্যোগ নেয় মানবাধিকার সংগঠন ফাইট ফর উইমেন রাইটস নামের একটি বেসরকারি সংগঠন। এই সংগঠনের সভাপতি রেহেনা বেগমের মধ্যস্থতায় গতকাল বুধবার অঙ্গীকারনামায় সই করেন ওই ছাত্রীর মা-বাবা। এরপর ওই ছাত্রীকে তার বাবার হেফাজতে দেওয়া হয়।১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করে তার মা-বাবা। ওই ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, ‘মেয়ে যে অভিযোগ করেছে তা সত্য নয়। মেয়ে ভুল পথে পা বাড়াতে পারে—এমন আশঙ্কা থেকেই তাকে বিয়ে দিতে চেয়েছি।’