চট্টগ্রামে বাস উল্টে ২ পোশাক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় বাস উল্টে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে উত্তর সোনা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার ভদ্রপাড়ার মো. জামাল মিস্ত্রি (৩৫) ও একই উপজেলার চর নুরুল আমিন গ্রামের মো. হাসান (২৫)। তাঁরা চট্টগ্রাম নগরের আজিম সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছিলেন তাঁরা।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মহানগর থেকে ভোলার লালমোহনগামী বাসটি সোনা পাহাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এই দুই যাত্রী মারা যান। লাশ দুটি আজ শুক্রবার সকালে স্বজনদের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।