চট্টগ্রামে বাস কাউন্টারে ছাত্রলীগ নামধারীদের ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে ঈগল স্টার পরিবহন নামের একটি বাস কাউন্টারে ছাত্রলীগ নামধারী ১৫-২০ জন যুবক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা কাউন্টার ব্যবস্থাপকসহ তিনজনকে মারধর করে দুই লাখ ৬৬ হাজার টাকা নিয়ে যান বলে দাবি করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই স্থানীয় ছাত্রলীগ নামধারী বলে জানা গেছে। তাঁদের হামলায় আহত ব্যক্তিরা হলেন কাউন্টার ব্যবস্থাপক মো. নাছির উদ্দিন ও দুই ডেস্ক ইনচার্জ শাহীন ও টিপু। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈগল পরিবহনের কাউন্টারে কর্তব্যরত শ্রমিক মো. রফিকুল ইসলাম বলেন, দুই দিন আগে আশরাফুদ্দিন ওরফে টিপু নামে স্থানীয় এক যুবক মোবাইল চার্জ দিতে আসেন। এ সময় ম্যানেজারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তখন তিনি গালিগালাজ করে চলে যান। ওই ঘটনার জের ধরে আজ ১৫-২০ জন যুবকসহ আশরাফুদ্দিন এসে ভাঙচুর চালান। এ সময় টিকিট বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকা লুট করে নিয়ে যান। আশরাফুদ্দিন ও আসা যুবকেরা স্থানীয় ছাত্রলীগের উঠতি নেতা-কর্মী বলে রফিক জানান। জানা গেছে, দুপুরে আকস্মিকভাবে কিছু যুবক এসে ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা গালিগালাজ ও মারধর শুরু করেন। তাঁরা নাছিরসহ তিনজনকে মেরে আহত করে চলে যান। পাহাড়তলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল রউফ প্রথম আলোকে বলেন, ‘ঈগল কাউন্টারে স্থানীয় কিছু ছেলে ভাঙচুর করেছেন এবং কাউন্টারের কয়েকজনকে মেরেছেন। তাঁদের কিছু টাকাও লুট হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাঁরা একটা অভিযোগ দিয়েছেন। পরে যাচাই-বাছাই করে মামলা হবে নইলে মীমাংসা হবে।’