চট্টগ্রামে বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পিকনিকের বাসের চাপায় মা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুমিতা রাণী (২৫), তাঁর মেয়ে শিমু রানী (৫) এবং আরেফা বেগম (৫০)। নিহত সুমিতা রাণীর স্বামী অসীম কুমার লোহাগাড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন। তাঁদের একমাত্র মেয়ে শিমু। বাড়ি নওগার রাণীনগর উপজেলার বেলঘড়িয়া গ্রামে। নিহত আরেফা বেগমের বাড়ী লোহাগাড়ার উত্তর কলাউজানে।
পুলিশ জানায়, সুমিতা রাণী মেয়ে শিমু লোহাগাড়ার স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। সুমিতা প্রতিদিন মেয়েকে স্কুলে আনা নেওয়া করেন। আজ দুপুর ১২টার দিকে স্কুলছুটির শিমুকে নিয়ে তিনি সড়ক পারাপারের জন্য পাশে অপেক্ষা করছিলেন। তখন কক্সবাজারগামী এশিয়া লাইনের একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও আরেফা বেগম নামের এক নারী মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক সাংবাদিকদের বলেন, বাস আটক করা হয়েছে। তবে গাড়ির চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।