চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় বাসে তল্লাশী চালিয়ে পুলিশ অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। তারা বাস ভাড়া করে ফটিকছড়িতে ডাকাতি করতে যাচ্ছিল বলে পুলিশ সূত্র জানায়। তাদের কাছ থেকে পাঁচটি কার্তুজ, দুটি ছোরা ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এরশাদ হোসেন (২২), মো. মফিজ (২৬), মো. সোহেল (২৫), এরশাদ (২৬), মো. আলী (২৫), মনছুর (৩৭), আবদুর রহিম (২২), কালা মিয়া (২৪) ও জালাল (২০)। তাঁরা নগরের শেরশাহ কলোনি, হালিশহর, ও পাঁচলাইশ এলাকায় থাকেন। এরশাদের বিরুদ্ধে আগেও ডাকাতি মামলা রয়েছে। তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তারা বাস ভাড়া করে ফটিকছড়িতে ডাকাতি করতে যাচ্ছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে। তারা অস্ত্রশস্ত্র আগে পাঠিয়ে গোলাবারুদ নিয়ে যাচ্ছিল। বিএসআরএম কারখানার সামনে বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসে অন্য কোনো যাত্রী ছিল না। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’