চট্টগ্রামে বাসচাপায় একজন নিহত
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় বাসের চাপায় সালেহ আহমেদ (৭০) নামের এক বেসরকারি চাকরিজীবী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অনুরাধা পাল প্রথম আলোকে বলেন, সালেহ আহমেদ দেওয়ানহাট মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামীর একটি বাসা তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসচালক পলাতক আছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহত সালেহ আহমেদের বাসা চট্টগ্রাম নগরের ঈদগাঁওয়ের হাজার দিঘির পাড় এলাকায়। তিনি নগরের বারিক বিল্ডিং মোড় এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানান তাঁর ছেলে মোহাম্মদ সোহেল।
নিহত ব্যক্তির ছেলে প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো আজ সকালে বাসা থেকে বের হয়ে দেওয়ানহাট মোড়ে যান তাঁর বাবা। সেখান থেকে অফিসে যেতে গাড়ির জন্য অপেক্ষা করার সময় দুর্ঘটনা ঘটে।