চট্টগ্রামে বাসচাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নাসিরাবাদ টেক্সটাইল এলাকায় গতকাল রোববার দুপুরে বাসচাপায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এর জের ধরে শিক্ষার্থীরা প্রায় পৌনে চার ঘণ্টা বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা সেনাবাহিনীর একটি বাসও ভাঙচুর করেন। নিহত ছাত্রের নাম দীপংকর দাশ (২২)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা নারায়ণ দাশের ছেলে। দীপংকর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এলএলবি সম্মান তৃতীয় সেমিস্টারে পড়তেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় এলএলবি তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে দীপংকর সহপাঠী ইমরান আলমের মোটরসাইকেলে চড়ে ক্যাম্পাসে যাচ্ছিলেন। বায়েজিদ সড়কের টেক্সটাইলের অদূরে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। এতে দীপংকর ছিটকে পড়ে যান।দীপংকরের সহপাঠী সাইদুল আমিন প্রথম আলোকে বলেন, দীপংকর মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসটি তাঁকে চাপা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে দীপংকরের সহপাঠীরা গতকাল বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে শহর থেকে চট্টগ্রাম সেনানিবাসগামী সেনাবাহিনীর একটি বাস ভাঙচুর ও সেটিকে আটকে রাখেন ছাত্ররা। এ সময় নগরের বায়েজিদ বোস্তামী সড়কের ষোলশহর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে চন্দনাইশের মূল ক্যাম্পাস থেকে শতাধিক ছাত্র একটি ট্রাকে করে এসে সড়ক অবরোধে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা বিজিসি ট্রাস্টের ক্যাম্পাসে পৌঁছেন।বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে বৈঠক হয়। বৈঠকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল জাহিদ, চট্টগ্রাম র্যাবের ভারপ্রাপ্ত অধিনায়ক জিয়াউল আহসান সারোয়ার, পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল মান্নান, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন ছাড়াও ছাত্রদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ক্যাম্পাসের ফটকের সামনে সড়কের উভয় পাশে গতিরোধক (স্পিডব্রেকার), ফুটওভারব্রিজ নির্মাণ ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন সেলিম। পরে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেন। এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন ক্যাম্পাসে উপস্থিত থাকলেও বৈঠকে যাননি। তাঁরা ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে ধারণা নেন।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সঙ্গে সেনাবাহিনীর বাসের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।