চট্টগ্রামে বাসচাপায় পোশাককর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরে বাসের ধাক্কায় আহত এক পোশাককর্মীর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আনিছা বেগম (২৫) নামের ওই পোশাককর্মী এ দুর্ঘটনার শিকার হন।আনিছার পরিবারের সদস্যরা বলেছেন, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অভাবী পরিবারের সন্তান আনিছা বেগম। তিন বছর আগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক তৈরির কারখানায় তিনি শ্রমিকের কাজ নেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় আনিছা হেঁটে যাচ্ছিলেন কর্মস্থলে। শহর এলাকার একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পথচারীরা দ্রুত তাঁকে নিকটস্থ নৌবাহিনী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাঁকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিছাকে মৃত ঘোষণা করে।হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বিকেলে আনিছার ভাই আবদুল কাদেরের কাছে লাশ হস্তান্তর করেন। আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘বোনের লাশ চট্টগ্রাম থেকে কুতুবদিয়ায় নেওয়ার মতো আর্থিক সঙ্গতি আমাদের নাই। এ কারণে শহরতলীর পশ্চিম পটিয়ার শাহমীরপুর এলাকায় মাগরিবের নামাজের পর জানাজা শেষে আনিছার লাশ দাফন করা হয়েছে।’ আবদুল কাদের বলেছেন, আনিছার আয়ে তাঁদের পক্ষাঘাতগ্রস্ত বাবার চিকিৎসা চলছিল। বন্দর থানার পুলিশ জানায়, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত পোশাককর্মীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না, এই শর্তে আদালতের অনুমতি সাপেক্ষে লাশ ময়নাতদন্ত ছাড়াই আবদুল কাদেরের কাছে হস্তান্তর করা হয়।