চট্টগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মিনিবাসের চাপায় কেফায়েত হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনিবাসটি আগুনে পুড়িয়ে দেয়।

নিহত কেফায়েত হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাজীর বাজার এলাকায়। তিনি নগরের খুলশীর মোজাফরাবাদ আবাসিক এলাকায় থাকতেন। নগরের বায়েজিদের শেরশাহ এলাকায় তাঁর বৈদ্যুতিক সামগ্রীর দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় জিইসি মোড়ের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়েছিলেন কেফায়েত হোসেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মিনিবাস আরেকটি মিনিবাসকে অতিক্রম করতে গিয়ে কেফায়েত হোসেনকে চাপা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মিনিবাসটি নগরের নিউমার্কেট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক রেজাউল করিম দৌড়ে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা তাঁকে ধরে ফেলেন। পরে গণধোলাই দিয়ে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় জিইসি মোড় এলাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ লোকজনকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গাড়িচালককে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।