চট্টগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত, গাড়িতে আগুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মিনিবাসের চাপায় কেফায়েত হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনিবাসটি পুড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেফায়েত হোসেন স্ত্রীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় জিইসি মোড়ের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি মিনিবাস আরেকটি মিনিবাসকে ওভারটেক করতে গিয়ে কেফায়েত হোসেনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিনিবাসটি নগরের নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল।
এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক রেজাউল করিম দৌড়ে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এ সময় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ লোকজনকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নগরের খুলশী থানার উপপরিদর্শক আনসারুল করিম বাসচাপায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গাড়িচালককে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, কেফায়েত হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাজীর বাজার এলাকায়। তিনি নগরের খুলশীর মোজাফরাবাদ আবাসিক এলাকায় থাকতেন।