চট্টগ্রামে বাসচাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে দ্রুতগামী একটি বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার (৯) কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার বাসিন্দা ওসমান গণির কন্যা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আবদুল হামিদ বলেন, গতকাল সকালে শিশুটি তার মায়ের সঙ্গে কোতোয়ালি মোড়ে একটি টেম্পো থেকে নামে। এর কিছুক্ষণ পর একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এসআই মো. শাহজাহান বলেন, দুর্ঘটনার পরপরই চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।