চট্টগ্রামে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন চত্বরে এই জনসভায় বক্তারা জোট-মহাজোটের দ্বিদলীয় অপরাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান। চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীর কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, অপু দাশগুপ্ত, মহিউদ্দিন ও নিজাম উদ্দিন। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দুর্নীতি-দলীয়করণ ও দ্রবম্যূল্যের ঊর্ধগতিতে জনজীবন বিপর্যস্ত। হত্যা-সন্ত্রাস-নির্যাতন কবলিত দেশে জনগণের জানমালের নিরাপত্তা নেই। অথচ সরকার গণতন্ত্র ও উন্নয়নের বাগাড়ম্বর করেছে। জনগণের মুক্তির জন্য জোট-মহাজোটের দ্বিদলীয় অপরাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। সভার শুরুতে বহদ্দারহাট উড়ালসড়কের গার্ডার-চাপায় ও আশুলিয়ায় আগুনে পুড়ে নিহত শতাধিক শ্রমিকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, এই দুটি ঘটনা প্রত্যক্ষ হত্যাকাণ্ড ছাড়া কিছু নয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে উড়ালসড়কের দুর্ঘটনায় সিডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।