চট্টগ্রামে বাসা থেকে শিশুর লাশ উদ্ধার, সৎমা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাসা থেকে পুলিশ গতকাল বুধবার বিকেলে আবদুল্লাহ আল মাসফি নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। তাকে বালিশ চাপা দিয়ে বা বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় মাসফির সৎমা কুমকুমকে পুলিশ আটক করেছে।জানা গেছে, মাসফি হালিশহরের গরীবে নেওয়াজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা আবদুল্লাহ আল মামুন রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক।পুলিশ সূত্র জানায়, মাসফিকে হালিশহরের বাসায় রেখে গত মঙ্গলবার সকাল নয়টার দিকে সৎমা কুমকুম তাঁর শিশুসন্তানকে নিয়ে বহদ্দারহাটে বাবার বাসায় বেড়াতে যান। গতকাল হালিশহরের এ ব্লকের ১ নম্বর সড়কের ১৫ নম্বর লেনের ১০ নম্বর বাসা থেকে মাসফির লাশ উদ্ধার করা হয়। ওই সময় বাসায় কেউ ছিল না। গত মঙ্গলবার দিনের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।মাসফির বাবা মামুন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভাড়াটিয়া বাবুলের মাধ্যমে মাসফির খবর পাই। বাবুল আমাকে জানান, মাসফির কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। সে বিছানায় শুয়ে আছে। এরপর আমি আমার ভাইদের কাছে খবর পাঠাই। পরে তারা পুলিশে খবর দেয়।’ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত বলেন, ‘মাসফিকে বালিশচাপায় শ্বাস রোধ করে কিংবা খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। লাশের রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা করেছি। প্রতিবেদন পাওয়া গেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। এ হত্যাকাণ্ডে সৎমা কুমকুম জড়িত থাকতে পারেন। তাই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘মাসফির হাতের আঙুল নীল দেখা গেছে। এ থেকে আমাদের ধারণা, তাঁর খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে।’পারিবারিক সূত্রে জানা গেছে, বনিবনা না হওয়ায় ২০০৬ সালে মাসফির মায়ের সঙ্গে তার বাবার বিবাহবিচ্ছেদ হয়। এরপর মাসফি বাবার সঙ্গেই থাকতেন। ২০০৮ সালে পটিয়ার মেয়ে কুমকুমকে বিয়ে করেন মামুন। এ সংসারে তাঁদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।মাসফির বাবা জানান, ‘২০০৭ সালের জানুয়ারিতে একই বাড়িতে আমার মা খুন হন। এ ঘটনায় কয়েক আসামির কারাদণ্ড হয়। পরে আসামিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়। সোয়া চার বছর পর আমি আমার সন্তান হারালাম।’