চট্টগ্রামের বিভিন্ন আবাসিক এলাকায় দুই দিন ধরে গ্যাসের সংকট চলছে। আগাম কোনো ঘোষণা ছাড়াই গ্যাস না আসায় অনেক বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে রেস্তোরাঁ কিংবা কেরোসিনের চুলার ওপর নগরবাসীকে নির্ভর করতে হচ্ছে।গত মঙ্গলবার থেকে সাঙ্গুর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এই সংকট চলবে বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক সানোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সাঙ্গু গ্যাসক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যাটা হয়েছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত এভাবে চলবে। এ ছাড়া শীতকালে গ্যাসের প্রবাহটা কম থাকে। দুই কারণেই বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের প্রবাহ পালা করে দেওয়া হচ্ছে।’ গ্যাস-সংকটের আগাম কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন। এদিকে নগরের দেওয়ানবাজার, বাকলিয়া, আসকারদীঘির পাড়, জামালখান, রহমতগঞ্জসহ বিভিন্ন স্থানে দুই দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা গ্যাস আসা-যাওয়া করেছে। অনেক সময় চুলা জ্বলেছে মিটমিট করে। জানা গেছে, জামালখান ও আসকারদীঘির পাড় এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কিছুক্ষণের জন্য গ্যাস আসে। পরে তা আবারও চলে যায়। নগরের বাকলিয়া, রুমঘাটা ও বউবাজার এলাকায় গ্যাস নেই তিন দিন ধরে। ওখানকার গ্যাস-সংকট আরও মারাত্মক বলে জানান বাসিন্দারা। রুমঘাটার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মঙ্গলবার সকালে চুলা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস নেই। ওই গ্যাস আসে রাতে। বাধ্য হয়ে হোটেল থেকে এনে খেতে হয়েছে।’গ্যাস-সংকটের কারণে রেস্তোরাঁর বিক্রি বাড়ার পাশাপাশি কেরোসিনের চুলার কদরও বেড়েছে। বউবাজার এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুছ গতকাল ২৭০ টাকা দিয়ে একটি চুলা কিনেছেন। তিনি বলেন, ‘আমাদের এলাকায় প্রতিদিন সকাল আটটায় গ্যাস চলে যায়। পরে রাত আটটার দিকে ওই গ্যাস আসে।’