চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন মেহেদীবাগের জহুর আহম্মদ চৌধুরী সড়কে নিজ বাসার অদূরে ছুরিকাঘাতে পলিটেকনিকের এক ছাত্র খুন হয়েছেন। গত রোববার দিবাগত রাতে ছুরিকাঘাতের পর কয়েক ঘণ্টা সড়কেই পড়েছিলেন তিনি। গতকাল সোমবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ছিনতাইকারীরা তাঁকে খুন করেছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। কর্তব্যে অবহেলার অভিযোগে এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম ওরফে রুবেল (২২)। নিহত সাইদুল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি ‘ছুটি’ নামের একটি ব্যান্ডের গিটার বাদক। নিহত সাইদুল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কর্মচারী আমিনুল ইসলামের ছেলে। তিনি নগরের মেহেদীবাগ সড়কের সিডিএ আবাসিক এলাকার ৭/৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার বিকেলে নগরের গোলপাহাড় মোড়ে সড়ক অবরোধ করেন নিহতের বন্ধু ও স্থানীয়রা। প্রায় আধঘণ্টা পর পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ওই সড়কে দায়িত্বে থাকা টহল পুলিশের উপপরিদর্শক তরিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় সাইদুলের লাশ দাফন করা হয়।ঘটনার বিষয়ে নিহতের চাচা নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, গত রোববার রাত দুইটার দিকে চট্টগ্রাম ক্লাবে একটি অনুষ্ঠানে গিটায় বাজিয়ে সাইদুল রিকশা নিয়ে বাসায় ফিরছিলেন। মেহেদীবাগের ইক্যুইটি ফেয়ারি নামের ভবনের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তিন-চারজন তাঁর গতিরোধ করে। বুকে ও পায়ে ছুরি মেরে দুর্বৃত্তরা সাইদুলের মুঠোফোন ও টাকা নিয়ে যায়। গতকাল ভোরে ফজরের নামাজের পর স্থানীয় এক ব্যক্তি নুরুল ইসলামকে ঘটনার বিষয়ে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নুরুল ইসলাম বলেন, ‘রাস্তা দিয়ে গাড়ি চলাচল ছিল। ছিলেন প্রাতর্ভ্রমণকারীরাও। কিন্তু কেউ থানায় বা মেডিকেলে খবর দেওয়ার প্রয়োজন মনে করেননি। এ কেমন দেশে বাস করছি আমরা?’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, ছিনতাইকারীরা সাইদুলকে খুন করেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে টহল পুলিশের একজন কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন।’পুলিশ সূত্র জানায়, ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে ওই প্রত্যক্ষদর্শীর নাম প্রকাশে রাজি নয় পুলিশ। ইক্যুইটি ফেয়ারি ভবনের কর্তব্যরত হান্নান ও জাকির হোসেন নামের দুই নিরাপত্তা কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওসি মহিউদ্দিন সেলিম বলেন, ‘দুই নিরাপত্তা কর্মী রাতের পালার ছিলেন। যেহেতু ওই ভবনের সামনে ঘটনা ঘটেছে তাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’