চট্টগ্রামে বাসায় ঢুকে মা ও মেয়েকে খুন

সায়মা নাজনীন নিশাতের (১৮) এসএসসি পরীক্ষার শেষ দিন ছিল আজ মঙ্গলবার। আজকের গার্হস্থ্য অর্থনীতির বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শেষেই বেড়াতে যেতে উন্মুখ হয়েছিলেন তিনি। কিন্তু সায়মার সেই চাওয়া পূরণ হলো না। কে বা কারা ছুরিকাঘাতে সায়মাকে ও তাঁর মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করেছে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরিবারের অভিযোগ, রায়হান নামের এক যুবক সায়মাকে উত্ত্যক্ত করতেন। এতে বাধা দেওয়ায় আক্রোশ থেকে মা-মেয়েকে খুন করা হয়েছে। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি।
সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চার তলায় ভাড়া বাসায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিম। তাঁর বড় ছেলে সাইফ রেজা পরিবারের ব্যবসা দেখাশোনা করেন। ছোট ছেলে আসিফ আলভী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদানের অপেক্ষায় আছেন। মেয়ে সায়মা আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। স্ত্রী ও মেয়েকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রেজাউল করিম।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সাইফকে নিয়ে বাসা থেকে বের হন রেজাউল করিম। সাইফ যান ধনিয়ালা পাড়ায় বাবার ব্যবসাপ্রতিষ্ঠান অরমন্ড ইন্টারন্যাশনাল লিমিটেডে। রেজাউল করিম যান আসকার দীঘিরপাড় এলাকায়। সেখানে তিনি একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট বুকিং দিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিমের গাড়িচালক আবু তাহের বলেন, ‘স্যারের মুঠোফোনে একটি কল আসে। এরপর গাড়ি নিয়ে বাসায় এসে দেখি, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্যারের স্ত্রী ও মেয়ে। সবাই ধরাধরি করে গাড়িতে তুলে নিয়ে আসি চট্টগ্রাম মেডিকেলে।’
হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, মা-মেয়ে দুজনের পায়ের রগ কাটা। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাইফ রেজা অভিযোগ করেন, শান্তিবাগ এলাকার রায়হান দীর্ঘদিন ধরে তাঁর বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি কিছুদিন আগে সায়মাকে তাঁর ভালোবাসার কথা তাঁকে (সাইফ) জানান। তখন তিনি তাঁর বোনকে বিরক্ত করতে নিষেধ করেন। তাঁর ধারণা, রায়হানই তাঁর মা ও বোনকে খুন করেছেন। তা ছাড়া তাঁর মা মৃত্যুর আগে রায়হানের নাম বলে গেছেন।
রেজাউল করিমের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত বৃহস্পতিবারও রায়হান রেজাউল করিমের বাসার নিচে গিয়ে হই-হুল্লোড় আর সায়মার নাম ধরে ডাকাডাকি করেন। রেজাউল করিম নিচে নেমে রায়হানকে বকাঝকা করে চলে যেতে বলেন।
সায়মার চাচাতো বোন রুকসানা নাজনীন (২৩) বলেন, কোচিং আর বাসার মধ্যেই তাঁর বোনের যাতায়াত সীমাবব্ধ ছিল। পরীক্ষা শেষে লম্বা সময় ধরে বেড়ানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু তা আর হয়ে উঠল না।
দুপুর ১২টায় ওই বাসায় গিয়ে দেখা যায়, খাবার ঘর ও রান্নাঘরের মেঝেতে রক্ত। দেয়ালেও রক্তের দাগ।
সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বাসা থেকে রক্তমাখা একটি প্যান্ট, একটি শার্ট, একটি ছুরি, দস্তানা, টেঁটা ও দুই বোতল পেট্রলসহ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়হান নামের যুবককে খোঁজা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই প্রহরীকে আটক করা হয়েছে।
ব্যবসায়ী রেজাউল করীমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার কোরালিয়া গ্রামে।