বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকাধীন বাদশা মিয়া ফিলিং স্টেশনের সামনে একটি খালি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে আটকের প্রতিবাদে আগামীকাল সোমবার চট্টগ্রাম মহানগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।
বাসে আগুন: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাদশা মিয়া ফিলিং স্টেশনের সামনে যাত্রীবিহীন তিন-চারটি বাস দাঁড়ানো ছিল। তবে এগুলোর কোনোটিতে চালক-সহযোগী কেউই ছিলেন না। এ সময়ে সিএনজি অটোরিকশায় চড়ে আসা কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলো ডটকমকে বলেন, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে নেমে কয়েকজন তরুণ খালি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এবং পুলিশের সদস্যরা এসে আগুন নিভিয়েছেন। তবে ওই বাসের কোনো মালিককে খুঁজে পাওয়া যায়নি।
হরতাল: ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে আটকের প্রতিবাদে আজ সকাল ১০টায় নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করে ছাত্রদল। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক এস এম সালাউদ্দিন হরতালের ঘোষণা দেন।
গতকাল শনিবার বেলা আড়াইটায় রাজধানীর এলিফ্যান্ট রোডে ছাত্রদল একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বজলুলকে আটক করে পুলিশ। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে রাখা হয়।