চট্টগ্রামে বাসের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার সামনে একটি বাসের ধাক্কায় রিকশাচালক ও এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত শিশুটি হলো মোহাম্মদ আওয়ান (৫)। তবে রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চান্দগাঁও আবাসিক এলাকার সামনে সিটি সার্ভিসের একটি বাস একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও শিশুটির মৃত্যু হয়। এতে রিকশায় থাকা আওয়ানের বাবা আনিসুর রহমান (৩৮) ও তার ভাই মোহাম্মদ আয়াছ (৩) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। আনিসুর রহমান চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বশর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।
আনিসুর রহমানের ভাই আবদুল করিম বলেন, তাঁর ভাই আনিসুর রহমান দুই বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।