চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তানজিনা কামাল ও অজ্ঞাত এক পুরুষ। নিহত তানজিনা কর্ণফুলী থানার উত্তর চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে শাহ আমানত সেতু এলাকায় ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। আহত হন অন্তত ছয় পথচারী। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।