চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং এলাকায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় সুশান্ত দেব (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, সুশান্ত দেব রাতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উল্টো পথে আসা একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসচালক আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। এ ছাড়া জব্দ করা হয় বাসটিকে।
বন্দর থানা জানায়, সুশান্ত দেবের পরিবার বাদী হয়ে মামলা করেছেন। ব্যবসায়ী সুশান্ত দেবের বাসা নগরের গোসাইলডাঙায়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ায়।