চট্টগ্রামে বাড়ছে শব্দদূষণ বাড়ছে হূদরোগের ঝুঁকি
হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, যত্রতত্র মাইক বাজানো এবং নির্মাণকাজের শব্দে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের নগরজীবন। এভাবে শব্দদূষণের প্রভাবে বৃদ্ধ ও শিশুদের হূদরোগ এবং শ্রবণশক্তি নষ্ট হওয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। নগরের ১৫টি স্থানে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় দেখা গেছে, শব্দদূষণ সহনীয় মাত্রা অতিক্রম করেছে।যানবাহনের চালক, শিল্পমালিক, ইটভাঙার মেশিন, এমনকি রাজনীতিবিদেরা আইন অমান্য করে শব্দদূষণ করেই যাচ্ছেন। সভা-সমাবেশের আগে দুটি মাইক লাগিয়ে সিএনজি অটোরিকশাযোগে নগরের আনাচে-কানাচে মাইকিংয়ের মাধ্যমে শব্দদূষণ করা হয়। কয়েকদিন আগে বিরোধী দলের ডাকা হরতালের সময় নগরের গুরুত্বপূর্ণ মোড়ে সার্বক্ষণিক মাইকিংয়ের মাধ্যমে শব্দদূষণ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জানা গেছে, নগরের বিভিন্ন স্থানকে নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকা নামে পাঁচটি ভাগে ভাগ করে শব্দদূষণ পরীক্ষা করা হয়। এর মধ্যে নীরব এলাকা ধরা হয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত পাড়াকে। এসব এলাকায় শব্দের সহনীয় মাত্রা হচ্ছে দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেল।কিন্তু হাসপাতাল এলাকা হিসেবে পরিচিত নগরের চকবাজার ও আশপাশে শব্দের মাত্রা ৮২ ডেসিবেল পাওয়া গেছে। এ ছাড়া নাসিরাবাদ স্কুলের পাশে ও হলি ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় শব্দদূষণের মাত্রা ছিল ৮২ ও ৬৭ ডেসিবেল।শব্দদূষণের কথা স্বীকার করে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের প্রধান রসায়নবিদ মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শব্দদূষণ ভয়াবহ আকারে বাড়ছে। এটা নিয়ন্ত্রণের জন্য আমরা পরীক্ষার পাশাপাশি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। পরীক্ষায় চট্টগ্রামের ১৫টি স্থানে শব্দদূষণ মারাত্মক বলে ধরা পড়েছে।’ পরিবেশ আইন অনুযায়ী যানবাহনে হাইড্রোলিক হর্ন লাগানো নিষেধ। তার পরও ট্রাক-বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে এসব হর্নের ব্যবহার রয়ে গেছে। শব্দদূষণের ক্ষতিকর দিক প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘উচ্চমাত্রার শব্দ হূদরোগীদের জন্য সব সময় ঝুঁকিপূর্ণ। এ কারণে অনেক সময় তারা হূদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ ছাড়া সাধারণ মানুষ শব্দদূষণের কারণে হূদরোগে আক্রান্ত হয়। শিশুদের ক্ষেত্রে শ্রবণশক্তি নষ্ট হতে পারে।’অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের সহনীয় মান দিনের বেলায় ৫৫ ডেসিবেল, মিশ্র এলাকায় (শিল্প ও বাণিজ্য) ৬০ ডেসিবেল, বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবেল ও শিল্প এলাকায় ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। রাতের বেলায় এসব এলাকায় সহনীয় শব্দ ৫ থেকে ১০ ডেসিবেল কম।কিন্তু পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, নগরের বহদ্দারহাটে ৮৬ ডেসিবেল, নিউমার্কেট এলাকায় ৮৩ ডেসিবেল, একে খান মোড়ে ৮৭ ডেসিবেল, নাসিরাবাদ এলাকায় ৮২ ডেসিবেল, কালুরঘাটে ৬৮ ডেসিবেল, সুগন্ধায় ৬০ ডেসিবেল, ইউএসটিসি বিশ্ববিদ্যালয় এলাকায় ৭০ ডেসিবেল শব্দ পাওয়া যাচ্ছে। এভাবে শব্দদূষণের অভিযোগে ১৩ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার আশপাশে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী আটটি পুরোনো লৌহজাত প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেন। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরোনো লোহা কাটছিল। এ সময় ওই স্থানে সর্বোচ্চ শব্দমাত্রা ছিল ১০২ ডেসিবেল।