তিন দিনে পাল্টে গেল জেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদন
চট্টগ্রামে বিএনএফের কার্যালয়ের অস্তিত্ব মেলেনি
তিন দিনেই পাল্টে গেল নিবন্ধনের জন্য আবেদন করা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কার্যালয় নিয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে বিএনএফের কোনো কার্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। তিন দিন পর আবার প্রতিবেদন দিয়ে বলা হয়েছে, ১৫ কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের আবেদনে বিএনএফ দাবি করেছে, চট্টগ্রামে দলটির ১৫টি কার্যালয় রয়েছে। এর মধ্যে একটি জেলা কার্যালয় ও ১৪টি উপজেলা কার্যালয়ের ঠিকানাসহ তালিকা দেয় সংগঠনটি।এসব কার্যালয়ের অস্তিত্ব ও কার্যকারিতা যাচাই করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে গত ১০ জুন ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। এরপর থানা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে তালিকা অনুযায়ী কোনো কার্যালয়ের অস্তিত্ব পাননি। আর তা জেলা নির্বাচন কার্যালয় থেকে গত ২৩ জুন প্রতিবেদন পাঠিয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়। এর তিন দিন পর ২৭ জুন একই কার্যালয় থেকে আবার প্রতিবেদন দিয়ে বলা হয়, বিএনএফের এসব কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে।তিন দিনের মাথায় দুই রকম প্রতিবেদন দেওয়ার কারণ সম্পর্কে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একটি সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার চাপের মুখে পরের প্রতিবেদনটি দেওয়া হয়।এ বিষয়ে প্রশ্ন করলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। এর বেশি কিছু জানি না। আপনারা ঢাকায় জিজ্ঞাসা করুন।’নির্বাচন কমিশনে বিএনএফের দেওয়া তালিকা ও ঠিকানা ধরে প্রথম আলোর পক্ষ থেকে সরেজমিনে চট্টগ্রাম মহানগর এবং পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, ফটিকছড়ি, হাটহাজারী, সাতকানিয়া, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় অনুসন্ধান করে কোনো কার্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি।মহানগরের আন্দরকিল্লায় চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি ব্যানার পাওয়া গেলেও উপজেলাগুলোতে কোনো ব্যানার-সাইনবোর্ডও চোখে পড়েনি।পটিয়া ও আনোয়ারা উপজেলার দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, তিনিও তাঁর অধীন দুই উপজেলায় কোনো কার্যালয় খুঁজে পাননি।এ ব্যাপারে জানতে চাইলে বিএনএফের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ দাবি করেন, ‘বিএনপি বিভিন্ন স্থানে আমাদের কার্যালয় ভাঙচুর ও সাইনবোর্ড তুলে নিয়ে গেছে। তাই হয়তো দেখতে পাননি।’আর, চট্টগ্রাম জেলা কার্যালয় হিসেবে দেওয়া ঠিকানায় (৩২ আন্দরকিল্লা) গিয়ে দেখা যায়, পুরোনো আমলের একটি দোতলা বাড়ি। ওপর তলায় চট্টলা হিমাগার লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দপ্তর। নিচে বাসাবাড়ি।খোঁজ নিয়ে জানা যায়, এটি বিএনএফের মহাসচিব ও চট্টগ্রাম জেলা আহ্বায়ক আরিফ মঈনুদ্দীনের পৈতৃক বাড়ি। নিচতলায় তাঁর ছোট ভাই থাকেন। বাড়ির দেয়ালে বিএনএফের কার্যালয় লেখা একটি ব্যানার ঝোলানো আছে। তবে রাজনৈতিক দলের জন্য কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য আলাদা কোনো কক্ষ নেই। দলেরও কাউকে পাওয়া যায়নি।মুঠোফোনে জানতে চাইলে ঢাকায় অবস্থানরত আরিফ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের জেলা অফিস আমার পৈতৃক বাড়িতে। সেখানে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানের অফিসের মধ্যেই বিএনএফের জিনিসপত্র রাখার জন্য একটি আলমারি রাখা আছে।’[সহযোগিতায়: মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া, ফটিকছড়ি ও পটিয়া প্রতিনিধি]