চট্টগ্রামে বিএনপি আ.লীগ সংঘর্ষ
গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে গতকাল সোমবার হরতালের দ্বিতীয় দিন পার হয়েছে।
গতকাল বিরোধী দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সরকারি দলের নেতা-কর্মীরাও সরব ছিলেন রাজপথে। ‘জয় বাংলা’ আর ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে নগরের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালের দিকে নগরের বড়পুল থেকে হালিশহর এসি মসজিদ পর্যন্ত পিসি সড়কে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা পাল্টাপাল্টি মিছিল বের করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে একটি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বক্তৃতা করার কথা ছিল। বক্তৃতার আগেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে তিনি বক্তৃতা না দিয়েই ফিরে যান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাসের শেল ও ৭০টি রাবার বুলেট ছোড়ে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, পিসি সড়ক এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার কারণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী পিসি সড়কের সমাবেশে যোগ দেন। এর কিছুক্ষণ আবদুল্লাহ আল নোমানও ওই সমাবেশে বক্তৃতা করে সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার করার তাগিদ দেন।
এ ছাড়া সকালের দিকে নগরের নাসিমন ভবন এলাকার একটি সমাবেশে বত্তৃদ্ধতা করেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি পরে হাটহাজারীর কর্মসূচিতে যোগ দেন। এদিকে বিভিন্ন জায়গায় গতকাল বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা হরতালবিরোধী মিছিল ও সমাবেশ হয়। এতে নগরের দেওয়ানহাট, বন্দরটিলা ও সিমেন্স হোস্টেল এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। নগরের বন্দরটিলা এলাকায় আওয়ামী লীগের সমাবেশের অদূরে বিএনপি সমাবেশ করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল দুপুর ১২টার দিকে একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া করে সিমেন্ট ক্রসিংয়ের দিকে পাঠিয়ে দেন। পরে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরের দেওয়ানহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভূমিকা রাখে। পরে দুপুরের দিকে আওয়ামী লীগ হরতালবিরোধী সমাবেশ করে।
এদিকে আগের দিন রোববারের তুলনায় গতকাল নগরে গাড়ির সংখ্যা ছিল বেশি। বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস, অটোরিকশা ও টেম্পো চলেছে। ভাঙচুরও হয়েছে অসংখ্য গাড়ি। নগরের পলোগ্রাউন্ড, বায়েজিদ, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন মোড়ে গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এ ছাড়া থেমে থেমে বিভিন্ন মোড়ে অন্তত অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে বিভিন্ন জায়গায় ধাওয়া-পাল্টাধাওয়া, কিছু গাড়ি ভাঙচুর আর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।’