চট্টগ্রামে বিএনপি ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রাম নগরে গতকাল শুক্রবার আওয়ামী লীগ এবং বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হলেও লালখান বাজার ও বহদ্দারহাটে বিক্ষিপ্তভাবে ভাঙচুর, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
লালখান বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষের সময় পলাশ নামের এক ব্যক্তি স্প্লিন্টারবিদ্ধ হন।
পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম। তিনি বলেন, পলাশ বুকে স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন। তাঁকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আরও কয়েকজন সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, লালখান বাজারের ঘটনায় একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে লালখান বাজারের ইস্পাহানী মোড় এলাকায় বিএনপি ও ছাত্রশিবিরের কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে আমীন সেন্টার মার্কেট, কেএফসির আউটলেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। আমীন সেন্টারের মালিক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় বিএনপি ও শিবিরের কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করেন। এ ছাড়া আওয়ামীপন্থী সামাজিক প্রতিরোধ কমিটির স্থানীয় কার্যালয়ও ভাঙচুর করেন। এ সময় তাঁরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর প্রতিবাদে সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা বিক্ষোভ মিছিল বের করেন।
ভাঙচুরকালে পুলিশের সদস্যরা বাধা দিলে তাঁদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে ওই এলাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিজিবির সদস্যরা উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, উচ্ছৃঙ্খল যুবকেরা আমীন সেন্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর করেন। এদিকে বিকেল চারটায় মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে এবং বিএনপির নেতা-কর্মীরা কাজীর দেউরি মোড়ে আয়োজিত সমাবেশে যাচ্ছিলেন। বহদ্দারহাট মোড়ে দুই পক্ষ মুখোমুখি হলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার কথা নিশ্চিত করেছেন।