চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল রোববার সন্ধ্যায় নগরের কাজীর দেউরি মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দলের একাংশের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে নগরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে।দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনুসারীরা নগরে বিক্ষোভ ও সমাবেশ করেন। গতকাল সন্ধ্যায় হরতালের সমর্থনে কর্মসূচি ছিল চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীদের।কর্মসূচিতে যোগ দিতে বিকেল থেকে নেতা-কর্মীরা নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। সন্ধ্যার আগে নগর বিএনপির সভাপতি আমীর খসরুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ দলীয় কার্যালয়ের সামনেই তাঁদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষে হাতাহাতি হয়। একই সময় কাজীর দেউরির দিক থেকে বিএনপির কর্মীদের আরেকটি মিছিল দলীয় কার্যালয়ের দিকে আসছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এভাবে প্রায় আধা ঘণ্টা উভয় পক্ষে সংঘর্ষ চলে। এ সময় কাজীর দেউরি ও আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশের তাড়া খেয়ে বিএনপির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তাঁদের একটি অংশ আশকার দীঘির দিকে চলে যায়। এ সময় তাঁরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি পিকআপ ভাঙচুর করেন। এ ছাড়া সড়কে যান চালানোর অভিযোগে একটি টেম্পো ও একটি ভ্যানের চালককে মারধর করা হয়।পুলিশ জানায়, হরতালের সমর্থনে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ আত্মরক্ষার্থে তাঁদের প্রতিরোধ করে। তবে বিএনপির কর্মীরা অভিযোগ করেন, মিছিল চলাকালে পুলিশই তাঁদের ওপর হামলা চালায়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মিছিলকারীরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। তখন আমরা তাদের ছত্রভঙ্গ করে দিই। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, পুলিশ দলীয় কার্যালয়ের সামনে মারমুখী অবস্থান নেয়। শুরু থেকেই তারা ছিল মারমুখী। এ সময় কাজীর দেউরি এলাকায় মিছিলের ওপর হামলা করে পুলিশ।