চট্টগ্রামে বিএনপি নেতা গোলাম আকবর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে নাসিমন ভবন এলাকায় মিছিল করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে গতকাল সকালে নাসিমন ভবন চত্বর থেকে গোলাম আকবরের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি কাজীর দেউড়ি মোড় অতিক্রম করে আবার নাসিমন ভবনের দিকে চলে যাওয়ার সময় পুলিশ দুই দিক থেকে ঘেরাও করে সাতজনকে গ্রেপ্তার করে।

এদিকে চট্টগ্রামে গত বুধবার ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীকে অগ্নিদগ্ধ করার অভিযোগে বিএনপির কয়েক শ নেতা-কর্মীকে আসামি করে গতকাল পাঁচটি মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার অটোরিকশার দুই যাত্রীর অগ্নিদগ্ধের ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন উপপরিদর্শক (এসআই) শিবেন বিশ্বাস।
এ ছাড়া নগরের বিভিন্ন থানায় আরও চারটি মামলা হয়েছে।