চট্টগ্রামে বিএনপি নেতার বাসায় ‘গোপন’ বৈঠক পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও চন্দনাইশ উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক এম এ হাশেমের চট্টগ্রাম শহরের বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, গতকাল শুক্রবার সকালে এম এ হাশেমের বাসায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ‘সটকে’ পড়েন।পুলিশ জানিয়েছে, এম এ হাশেম বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ দুই ডজনের মতো মামলা আছে। গত ১৩ মে নগরে তিনটি গাড়ি পোড়ানো এবং শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় তিনি অন্যতম আসামি। প্রায় একই সময়ে পুলিশ শাহাদাৎ হোসেনের বাসায় অভিযান চালায়।পুলিশ সূত্র বলেছে, নির্দলীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সরকারকে বেঁধে দেওয়া ১৮ দলীয় জোটের সময়সীমা শেষ হওয়ার পরই চট্টগ্রামে নাশকতা করার পরিকল্পনা আছে, বিশেষ করে জামায়াতে ইসলামী ও বিএনপির একাংশের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করতে পারেন। এ লক্ষ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা গতকাল সকালে চট্টেশ্বরী সড়কে এম এ হাশেমের বাড়িতে গোপন বৈঠক করছিলেন।নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চট্টেশ্বরী সড়কে অবস্থিত এম এ হাশেমের বাসার বৈঠকে পাঁচ-ছয়জন উপস্থিত ছিলেন। তাঁরা ১২ জুন বা এরপর থেকে চট্টগ্রামে নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করছিলেন বলে ওই সূত্র দাবি করেছে। সূত্র জানায়, অভিযান চালানোর সময় পুলিশ ভুলক্রমে এম এ হাশেমের বাসার পাশের একটি ভবনে হানা দেয়। পুলিশ আসার খবর পেয়ে সবাই পালিয়ে যায়।প্রায় একই সময়ে বাদশা মিয়া সড়কে অবস্থিত শাহাদাৎ হোসেনের বাড়িতেও পুলিশ অভিযান চালায়।