চেক প্রতারণার মাধ্যমে ৭৮ কোটি ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এমইবি গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার করা একটি মামলায় গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালত এই নির্দেশ দেন। ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নাসির আহমদ বলেন, এমইবি গ্রুপের চেয়ারম্যান হিসেবে পণ্য আমদানির জন্য ২০১০ সালের বিভিন্ন সময়ে সামশুল আলম মোট ৭৮ কোটি ৯২ লাখ টাকা ব্যাংকের কাছ থেকে ঋণ নেন। ওই বছরই ঋণ পরিশোধের জন্য তিনি চারটি চেক জমা দেন। কিন্তু চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংক থেকে ফেরত আসায় ব্যাংকের পক্ষ থেকে ২০১২ সালের ৪ এপ্রিল মামলাটি করা হয়। নাসির আহমদ বলেন, আদালত গতকাল শুনানি শেষে সামশুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।