চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গত সোমবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় বিএনপির ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে সোমবার রাতেই মামলাটি করেন। সংঘর্ষ চলাকালে পুলিশ এজাহারভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্র জানায়, মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বিচারে গাড়ি ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টি, হত্যার চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়। বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ সহিংস ঘটনা ঘটিয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের ভূমিকা তথা ভাঙচুর ও পুলিশের ওপর হামলার চিত্র ভিডিওতে ধারণ করা হয়েছে। পুলিশ ফুটেজ পরীক্ষা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে মাঝারি সারির কয়েকজন নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপির মিছিল থেকে প্রথমে পুলিশের ওপর হামলা হয়। আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। যাঁরা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।সোমবার পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদসহ ৫০ জন আহত হন।